# Tags

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে রহিবুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।

বুধবার (৬ মে) বিকাল পৌনে ৫ টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায়, প্রাগপুর-ভেড়ামারা প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহিবুল উপজেলার তারাগুনিয়া ফারাকপুর হিসনাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রহিবুল মোটরসাইকেলযোগে আল্লারর্গা বাজার থেকে তারাগুনিয়া বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ভেড়ামারা অভিমুখী একটি দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে, ঘটনাস্থলেই রহিবুলের মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।